ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। মঙ্গলবার (গতকাল) রাতে ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার শিবরামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাদ্দাম শেখ (২৪)। তিনি ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন খোদাবক্স রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শেখ শহিদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ফরিদপুর কোতয়ালী থানার একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
এই বাংলা/এমএস
টপিক

