নিজস্ব প্রতিবেদক :
শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শফিকুর রহমান (৬৬), তাঁর স্ত্রী বিথী (৩৭), সুফিয়া (৫৫) ও রুপালি (৩৫)।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা গোলাম মোস্তফা গাজীপুরে একটি হোটেলে কর্মরত। আর্থিক সংকটের কারণে তিনি ২০২৫ সালের জুন মাসে তাঁর ১১ বছর বয়সী একমাত্র কন্যাকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বাসায় শিশু দেখাশোনার কাজে দেন। ওই বাসার মালিক বিথী ও তাঁর স্বামী শফিকুর রহমান শিশুটির ভরণপোষণ ও ভবিষ্যতে বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
প্রথমদিকে গোলাম মোস্তফা নিয়মিত মেয়ের সঙ্গে দেখা করতে পারলেও ২০২৫ সালের নভেম্বরের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে আর মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। সর্বশেষ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিথী ফোন করে জানান, শিশুটি গুরুতর অসুস্থ। পরে সন্ধ্যায় শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করা হলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও পোড়া দাগ দেখা যায়। শিশুটি তখন স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিল না।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরবর্তীতে শিশুটিকে তাৎক্ষণিকভাবে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি জানায়, ২০২৫ সালের ২ নভেম্বরের পর থেকে বিথী, শফিকুর রহমান এবং বাসায় থাকা আরও দুই নারী তাকে নিয়মিত মারধর করতেন। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ও এনডিসির পক্ষ থেকে শিশুটির চিকিৎসা সহায়তা হিসেবে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

