স্টাফ রিপোর্টার :
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৈয়দপুর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিঃ) পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুরশিদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩৬(১) ধারার সারণি ১০(ক), ৮(খ) ও ৪১ ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

