পিরোজপুর প্রতিনিধি :
২০০৯ সালের সার নীতিমালা পুনরায় বহাল রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ওবায়দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ওবায়দুল্লাহ বলেন, “তৃণমূল পর্যায়ে কৃষকদের সেবা নিশ্চিত করতে এবং সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে ২০০৯ সালের সার নীতিমালার কোনো বিকল্প নেই। বর্তমান জটিলতার কারণে খুচরা ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের একটাই দাবি—অনতিবিলম্বে ওই নীতিমালা পুনরায় বহাল করতে হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বর্তমান নীতিমালার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, এতে সার সরবরাহ ও বিপণন ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে কৃষকরাও সময়মতো সার পাচ্ছেন না।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক খুচরা সার ব্যবসায়ী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

