নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে সংলগ্ন সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাত সন্দেহে আটজন শ্রমিককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে তদন্তে তারা নিরাপরাধ প্রমাণিত হলে কোম্পানির ব্যবস্থাপকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশের হেফাজতে নেওয়া শ্রমিকরা হলেন— শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭) ও আব্দুল্লাহ (২১)। মারধরে আহত হওয়ায় তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ওই আটজন শ্রমিক ছুটির দিনে পিকনিকে সোনারগাঁওয়ের পেরাব এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার পর এশিয়ান হাইওয়ের সিংলাবো এলাকায় দিয়ে ফেরার সময় স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে আটক করে মারধর করে।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে জনরোষের মুখে পড়ে। পরে বহু চেষ্টা করে পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মশিউর রহমান জানান, আটককৃত সবাই তাদের কারখানার নিয়মিত শ্রমিক এবং তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।
পুলিশ জানায়, বিষয়টি যাচাই-বাছাই করে শ্রমিকদের নির্দোষ পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গতকাল দুপুরে কোম্পানির ব্যবস্থাপকের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

