বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিম সুন্দরবনে রসদ সরবরাহের জন্য যাত্রা করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ মার্চ সকাল ১০টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে দাকোপ থানাধীন শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আব্দুল হালিমকে আটক করা হয়। পরে দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটককৃত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

