সিংড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

নাটোরের সিংড়ায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরের সিংড়া উপজেলায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাবাকে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইতালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফটিক (৫০), তিনি মৃত জামাল সরদারের ছেলে।

আহত ফটিক জানান, স্থানীয় আয়ুব আলীর ছেলে ইমান দীর্ঘদিন ধরে তার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করত এবং জোরপূর্বক বিয়ে করার হুমকিও দিত। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও ইমান তা উপেক্ষা করে।

তার অভিযোগ, ঘটনার দিন ইফতারের পর বাড়ির পাশের পুকুরপাড়ে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইমান, রানা ও হাসানসহ কয়েকজন তাকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে মোটরসাইকেলে একজনকে আসতে দেখে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দুই মাস আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। এরপর থেকেই ইমান তাকে উত্যক্ত করে আসছিল এবং জোর করে বিয়ে করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকিও দিত। বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তার বাবা নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আব্দুর নূর বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here