মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘২য় টেকসই পানি ব্যবস্থাপনা মেলা-২০২৫।

বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউএ) আয়োজিত এ মেলাতে পানি নিরাপত্তা, পুনর্ব্যবহার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নিয়ে নতুন ধারণা নিতে পারবেন দর্শনার্থীরা।

বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান মিয়া।

বিডব্লিউএ’র সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক (টেক্সটাইল) ফাইজা মাহমুদ প্রমূখ।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় তিন দিন ধরে থাকবে আধুনিক পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা প্রযুক্তির প্রদর্শনী, বিনামূল্যের কারিগরি সেমিনার, শুল্ক প্রশিক্ষণ ও প্রযুক্তি ভ্রমণের ব্যবস্থা। এতে অংশগ্রহণকারীরা নতুন উদ্ভাবনী কৌশল ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আইসিসিবিতে অনুষ্ঠিত এ মেলা পানি খাতের নতুন নীতি, প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজাহান মিয়া বলেন, পানি শুধু পান করার জন্য নয়, বাড়ি, শিল্প, যানবাহন ও কৃষিতে অপরিহার্য। ঢাকার ভূ-গর্ভস্থ জল দ্রুত হ্রাস পাচ্ছে, তাই নদী-জলাশয়ের পানির দিকে মনোযোগ দেওয়া জরুরি। ব্যবহার করা পানি পুনর্ব্যবহার ও সঠিক নিষ্কাশন নিশ্চিত করতে হবে। বর্ষাকালে পানি নিষ্কাশন ও নদী দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেঘনা ও পদ্মা নদীর পানি ব্যবহার ও ট্রিটমেন্ট এখন শহরের প্রধান অগ্রাধিকার।

মাশরুর আরেফিন বলেন, পানি ব্যবস্থাপনায় আমরা অনেক পিছিয়ে। আমাদের এ খাতে নজর দিতে হবে। উন্নত দেশগুলোতে পানি ব্যবস্থাপনার জন্য বাজেটে আলাদা একটি বরাদ্দ থাকে। কিন্তু সেটা আমাদের দেশে নেই। সিটি ব্যাংক সবসময় এসব কাজে এগিয়ে এসেছে, ভবিষ্যতেও আসবে।

হাসিন জাহান বলেন, পানিসম্পদ আমাদের অর্থনীতি, সমাজ ও পরিবেশের মূল অংশ। সবার স্বার্থেই প্রয়োজন আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা। প্রকল্প নির্ভর কাজের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কার্যকর উদ্যোগ নিতে হবে এখনই।

আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পানি ব্যবস্থাপনা নির্ভর করছে উদ্ভাবন, সহযোগিতা ও প্রযুক্তির সঠিক প্রয়োগের ওপর। এই এক্সপো সেই যৌথ যাত্রার অংশ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়