নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের জনগণের উদ্যোগে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক)-এর পক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতা, নারী-পুরুষ ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
উপজেলা বিএনপির সদস্য মোঃ আবুশামা জনসভার সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন তার বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ উন্নয়ন ঘটানো হবে। ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া যুবসমাজ ও বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
জনসভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
এই বাংলা/এমএস
টপিক

