সাটুরিয়া প্রতিনিধি :
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়ায় নেতা-কর্মীবিহীন সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে বালিয়াটি বাজার, উপজেলা পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন। ঢোল, বাদ্যযন্ত্র ও নানা প্রতীক নিয়ে নেচে-গেয়ে শান্তিপূর্ণভাবে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রায় ১৭ বছর ধরে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজখবর রেখেছেন। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন। এ কারণেই কোনো সংগঠনের ব্যানার বা নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।
মিছিলে অংশগ্রহণকারী কৃষক আরফান বলেন, “আমরা কোনো দলের নির্দেশে আসিনি। নিজের ভালোবাসা আর বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।”
স্থানীয়দের মতে, সাধারণ ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু সাটুরিয়া নয়, মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আফরোজা খানম রিতার জনপ্রিয়তার স্পষ্ট প্রতিফলন ঘটিয়েছে।
এ বিষয়ে আফরোজা খানম রিতা বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতি করি। সাধারণ মানুষ কোনো নেতাকর্মী ছাড়া স্বতঃস্ফূর্তভাবে মিছিল ও শোডাউন করবে—এটা আমার আগে জানা ছিল না। আজ মনে হচ্ছে, আমার রাজনীতি জীবন সার্থক।”
এই বাংলা/এমএস
টপিক

