
নাটোর প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা প্রকাশ্যে আসছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের নিরপেক্ষতা ভেঙে পড়ায় এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাইছেন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তাকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, ১১-দলীয় জোটের নেতাকর্মীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ঘরে ফেরা যাবে না বলেও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এক দিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
নির্বাচনী প্রচারণায় দ্বিমুখী অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের শীর্ষ নেতারা মাইকে এক কথা বললেও মাঠপর্যায়ে তাদের নেতাকর্মীরা ভিন্ন বার্তা দিচ্ছে, যা ভোটারদের বিভ্রান্ত করছে।
সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ আসনের ১১-দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক
