বিশেষ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহান মুন্সী (২৯)–কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ড, সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাহিনীটি।
র্যাবের তথ্যমতে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে সোহান মুন্সী ও তাঁর সহযোগীরা লেগুনা চালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল (৩৫)–কে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন নূরে আলম।
পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর যাত্রাবাড়ী থানা–য় একটি হত্যা মামলা করা হয়। মামলার নম্বর ৫৭ (তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৬)। মামলাটি দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১০–এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে এ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহান মুন্সীর পিতা শাহজাহান মুন্সী। তাঁর বাড়ি মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার বাহেরচর গ্রামে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

