
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করতে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকছড়ি মংরাজবাড়ী প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গবাদি পশু ও হাঁস-মুরগি তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মীর হোসেন, রাজপাড়া পাড়া প্রধান চাইহ্লাপ্রু কার্বারী, আজাইমং কার্বারী, গ্রাম পুলিশ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় মানিকছড়ি উপজেলার এয়াতলং ভুঁইয়া পাড়া, রাজপাড়া, গাড়িটানা, আচলং পাড়া, একত্যা পাড়া ও মুসলিম পাড়াসহ বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
বিতরণকালে জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন বলেন, অল্প পুঁজির মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশু ও হাঁস-মুরগি লালন-পালনের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক
