ভোলা প্রেসক্লাবে কয়েক বছরে একাধিক সাংগঠনিক পরিবর্তন

ভোলা প্রেসক্লাব / ছবি - এই বাংলা

ভোলা প্রতিনিধি :

ভোলা প্রেসক্লাবকে ঘিরে গত কয়েক বছরে একাধিক কমিটি গঠন, বিলুপ্তি ও নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক পরিবর্তন দেখা গেছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে প্রেসক্লাবের নেতৃত্ব কাঠামো কয়েকবার পুনর্গঠিত হওয়ায় বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে আলোচনার জন্ম দেয়।

সূত্র জানায়, ২০২৩-২০২৪ মেয়াদের জন্য প্রথমে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে ২০২৪ সালে বিভিন্ন সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে পূর্বের কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করে, যারা ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছিল।

তবে ৫ ডিসেম্বরের ছাত্রদের গণঅভ্যুত্থানের ঘটনার পর প্রেসক্লাবের কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং নতুন করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি সদস্যপদ যাচাই-বাছাই ও ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্ব দেয় দুই আইনজীবীকে। যাচাই শেষে মোট ৩৯ জনকে সদস্য হিসেবে চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিন্তু কয়েকজন সাংবাদিককে তালিকায় অন্তর্ভুক্ত না করার অভিযোগ ওঠায় বিরোধ সৃষ্টি হয়। পরে জেলা পর্যায়ের কিছু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে মতবিরোধ আরও বাড়ে এবং নির্ধারিত নির্বাচন স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে সংকট নিরসনে ২০২৫ সালের অক্টোবর মাসে ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেতকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম স্থিতিশীল করা এবং ভবিষ্যতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ শুরু করেছে।

সংশ্লিষ্টদের আশা, পারস্পরিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ভোলা প্রেসক্লাবে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here