বড়লেখায় আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসনের অভিযোগ, তৃণমূলে ক্ষোভ

0
130
বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী আ. লীগ নেতা মিজান, দেশে প্রত্যাবর্তনে হয়ে গেলেন বিএনপি / ছবি - এই বাংলা

সিলেট প্রতিনিধি :


আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান গ্রহণ করলেও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সুযোগসন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রঙ বদলে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত বড়লেখা উপজেলায় আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিনের মঞ্চে বক্তব্য দিয়ে নিজেকে তার আদর্শিক নেতা হিসেবে পরিচয় দেওয়া মিজানুর রহমান মিজান বর্তমানে বিএনপির নেতা সেজে দেশে প্রত্যাবর্তন করছেন। এমনকি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। এসব কারণে বড়লেখা উপজেলাজুড়ে তাকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বড় ভাই জিল্লুর রহমান একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বাবা মরহুম দূর্গা শফিক বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগে দলটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিগত শেখ হাসিনা সরকারের সময়ে নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী শাহাবুদ্দিনকে ‘আমার নেতা’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেওয়া মিজানুর রহমান মিজান সম্প্রতি বিশাল অর্থ ব্যয় করে লোক ভাড়া করে বিএনপির নেতা সেজে মোটর শোভাযাত্রা করেন। শুধু মিজানুর রহমানই নন, আওয়ামী লীগের শাসনামলে তাদের ছত্রচ্ছায়ায় থাকা আরও অনেক নেতাকে বড়লেখা ও মৌলভীবাজারে বিএনপির মিছিল-মিটিংয়ে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের কিছু প্রভাবশালী নেতা আওয়ামী লীগপন্থী প্রবাসী ও বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে সুবিধা গ্রহণ করে তাদের বিএনপিতে জায়গা করে দিচ্ছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে সিলেট বিভাগজুড়ে তথাকথিত ‘হাইব্রিড’ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বিএনপির পরিচয়ে দেশে প্রত্যাবর্তনের প্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রবাস থেকে দেশে আসছেন এমন ব্যক্তিরা, যারা একসময় আওয়ামী লীগের পদধারী নেতা ছিলেন।

এ বিষয়ে আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানের বিএনপির পরিচয়ে দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বড়লেখা উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় নেতাদের মতে, বিষয়টি দ্রুত কেন্দ্রীয়ভাবে যাচাই না করা হলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিভাজন আরও গভীর হতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here