স্টাফ রিপোর্টার :
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি সহ দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করেন। এরপর বগুড়ায় বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
প্রাথমিক পর্যায়ে শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। এ ছাড়াও কয়েকজনকে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন ৮৬৮ জন। বাকীদের কার্ড পর্যায়ক্রমে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কার্ড পাওয়ার পর অধিকাংশ পরিবারের গৃহিণীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা তাদের পরিবারের বিভিন্ন কাজে সহায়ক হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনেকেই তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে বলেছেন, “এরকম কার্যক্রম আগে দেশে হয়নি। আগামীদিনে আরও অনেক কিছু তার মাধ্যমে সম্ভব হবে।” কিছু উপকারভোগী জানান, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা পৌঁছে গেছে, যা তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপস্থিত উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন। তিনি বলেন, “সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। ইতিমধ্যেই সকালেই সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সবকিছু মিলিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এম মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

