বকশীগঞ্জ প্রতিনিধি :
বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ফজিলত পাড়ায় চলতি মৌসুমে রসুন চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষক শরিফ মন্ডল। তিনি প্রায় ৪০ শতাংশ জমিতে রসুনের আবাদ করেছেন।
শরিফের বাবা মোঃ আব্দুর রশিদ মন্ডল দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ তৈরি হয় তার। চলতি মৌসুমের শুরুতেই জমি ভালোভাবে প্রস্তুত করে উন্নতমানের বীজ রোপণ করেন তিনি। নিয়মিত সেচ, আগাছা দমন এবং সঠিক সময়ে সার প্রয়োগের ফলে বর্তমানে ক্ষেতের গাছগুলো সবল ও সবুজ রয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনের সম্ভাবনাও উজ্জ্বল বলে জানান তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কৃষক শরিফ মন্ডল বলেন, “এবার আবহাওয়া ভালো থাকায় রসুনের বৃদ্ধি সন্তোষজনক হয়েছে। শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ না এলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে বাম্পার ফলনের পাশাপাশি ভালো লাভের আশা করছি।” তিনি আরও জানান, উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও প্রত্যাশিত ফলন হলে তা পুষিয়ে যাবে।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা জানান, আধুনিক পদ্ধতিতে রসুন চাষ বর্তমানে লাভজনক হয়ে উঠছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও উৎসাহিত হবেন। শরিফ মন্ডলের সফল উদ্যোগে এলাকায় অন্যান্য কৃষকরাও রসুন চাষে আগ্রহ দেখাচ্ছেন।
ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে রসুন চাষের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই পরিশ্রমী তরুণ কৃষক।
এই বাংলা/এমএস
টপিক

