বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া দরিপাড়া কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ মার্চ) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ক্লিনিকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি আবু সালেক বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, ক্লিনিকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ওয়াই-ফাই সংযোগের সরঞ্জামাদি, আলমারির তালা ভেঙে নগদ অর্থ এবং প্রয়োজনীয় ঔষধপত্র নিয়ে যায়।
ঘটনার পরপরই সিএইচসিপি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, এর আগেও গত ৮ মার্চ রাতের আঁধারে ক্লিনিকের সামনে থাকা একটি নলকূপ চুরি হয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর তদন্ত হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, সময়মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলে পরবর্তীতে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।
সিএইচসিপি আবু সালেকের ধারণা, এলাকার কিছু মাদকাসক্ত ব্যক্তি এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে, সরকারি এই স্বাস্থ্যসেবাকেন্দ্রে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যরা। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

