নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাজারকে ইজারা মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
সোমবার (৯ মার্চ) বিকেলে বাজার কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংসদ সদস্য বলেন, “নাসিরনগর বাজারে ইজারা পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই বাজারকে ইজারা মুক্ত করতে হবে। প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করা হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, বাজারকে ব্যবসাবান্ধব ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সরকারের নির্ধারিত যে পরিমাণ অর্থ ইজারা বাবদ আদায় হয়, তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন।
সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নাসিরনগর বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এই বাংলা/এমএস
টপিক

