পাবনা-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থনে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

0
38
ঈশ্বরদীতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগ / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া পিন্টুর সমর্থনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে শহরের কাচারিপাড়া এলাকায় এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান। পদত্যাগকারী নেতা-কর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাসেল পারভেজ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অতীতের সকল আন্দোলন-সংগ্রামে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের ভরসার নাম ছিল মো. জাকারিয়া পিন্টু। তার নেতৃত্বেই তারা রাজপথে সক্রিয় ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে—এমন প্রত্যাশা থেকেই তারা রাজনীতিতে সক্রিয় ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এমন একজনকে মনোনয়ন দিয়েছেন, যিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের সঙ্গে যার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এতে হতাশ হয়ে তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে ছিলেন উপজেলা ও পৌর যুবদলের নেতা মো. শাহরিয়ার হোসেন সাহান, শাহীন হোসেন, রবিউল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসেন, রওশন আলম পাপ্পু, ফয়সাল আহমেদ ফারুক, মাসুম পারভেজ কল্লোল, সুজন মাহমুদসহ আরও অনেকে।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অন্যদিকে, মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাকারিয়া পিন্টু। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি জাকারিয়া পিন্টুকে দলের সকল পদ থেকে বহিষ্কার করে। একই অভিযোগে স্থানীয় যুবদলের ছয়জন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here