নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনে নিজ উদ্যোগে দুটি কাঠের সেতু নির্মাণ ও সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এতে প্রায় ৬ হাজার গ্রামবাসীর যাতায়াতের দুর্ভোগ দূর হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২ নভেম্বর) সকালে নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
নির্মিত সেতুগুলোর মধ্যে একটি নতুনভাবে তৈরি হয়েছে চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামে, আরেকটি আলামিন গ্রামে পুরনো কাঠের সেতুটি সংস্কার করা হয়েছে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০ থেকে ৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। ইট-সিমেন্টের রডের পিলার ও কাঠের মোটা তক্তা ব্যবহার করে নির্মিত এই সেতুগুলো দিয়ে সহজেই ব্যাটারিচালিত রিকশা, সিএনজি, ও ছোট যানবাহন চলাচল করতে পারবে।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার জানান, বহু বছর ধরে চানন্দী খালের ওপর স্থায়ী সেতু না থাকায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি ছিল। বারবার দাবির পরও কোনো সমাধান না মেলায় বিষয়টি জানানো হয় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে। তিনি ব্যক্তিগত উদ্যোগে এক গ্রামের জন্য নতুন সেতু ও অপর গ্রামের পুরনো কাঠের সেতুটি সংস্কার করে দেন।
চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মৌলভী ও আলামিন গ্রাম অবহেলিত ছিল। বাঁশের সাঁকো দিয়ে নারী-পুরুষ ও শিক্ষার্থীদের কষ্ট করে পারাপার হতে হতো। বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব এলাকায় আসার সময় বিষয়টি জেনে দ্রুত সেতু নির্মাণ করেন, যা স্থানীয়দের জন্য আশীর্বাদস্বরূপ।
এ বিষয়ে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা জানানোর পর আমি নিজ অর্থায়নে সেতু নির্মাণ ও সংস্কারের সিদ্ধান্ত নিই। এতে মানুষ এখন সহজে চলাচল করতে পারছে, যা আমাকে আনন্দিত করেছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

