নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0
47
নাসিরনগরে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাসিরনগর উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং মো. শামিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, ভাটি অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ ও জননন্দিত নেতা এস এম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান বক্তা অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একটি সুখী ও সমৃদ্ধ নাসিরনগর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে আমি আপনাদের সঙ্গে রাজনীতি করেছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আমার অঙ্গীকার। ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, ভাটি অঞ্চলের মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স চালু এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আমার প্রধান লক্ষ্য।”

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার মূল উদ্দেশ্য। আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here