নাসিরনগরে জিতু মেম্বার হত্যাকাণ্ড: সরাইল থেকে র‍্যাবের হাতে ৪ আসামি গ্রেপ্তার

0
45
নাসিরনগরে আলোচিত হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বহুল আলোচিত সাবেক ইউপি সদস্য জিতু মিয়া হত্যাকাণ্ড মামলায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (৪ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী সরাইল উপজেলার বুধন্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও র‍্যাব সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জিতু মিয়া (৫০) গত ১২ জানুয়ারি রাতে বাজারে যাওয়ার পথে অটোস্ট্যান্ডের কাছে প্রতিপক্ষের লোকজনের হাতে আটক হন। পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে আলমগীর মার্কেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা জিতু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় ২৩ জানুয়ারি নিহত জিতু মিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সরাইল উপজেলার বুধন্তী এলাকা থেকে মো. তাহের মিয়া (৫০), নসাই মিয়া (৫৫), নাসির মিয়া (২২) এবং মো. রাকিবুল ইসলাম ওরফে রাহিমুল ইসলাম (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. তাহের মিয়া ও নসাই মিয়া মামলার এজাহারভুক্ত আসামি। অপর দুইজন নাসির মিয়া ও রাকিবুল ইসলাম তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here