নাটোর প্রতিনিধি :
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সূত্রে জানা গেছে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ দাউদার মাহমুদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মোঃ আনোয়ারুল ইসলাম আনু প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই বিভিন্ন এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করেন। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কমিটির প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ঘ (৩)(ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মোছাঃ মৌসুফা তানিয়ার স্বাক্ষরিত শোকজ নোটিশে মোঃ আনোয়ারুল ইসলাম আনুকে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে মোঃ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

