নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় একটি নির্বাচনী পথসভায় যুবদল নেতার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে গিয়ে ‘পাকিস্তান’ শব্দ ব্যবহারের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
ঘটনাটি ঘটে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে অনুষ্ঠিত একটি পথসভায়। এ সভায় উপস্থিত ছিলেন নাটোর–৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। পথসভায় বক্তব্য দেন সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক।
পথসভাকালে দেওয়া ওই বক্তব্য ফেসবুক লাইভে প্রচার করা হলে রাতের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রায় এক মিনিট ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ থেকে বক্তব্যটির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভিডিওতে আব্দুল মালেককে বলতে শোনা যায়, শেরকোল ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডকে স্থানীয়ভাবে ‘পাকিস্তান’ বলা হয়—এ কথা উল্লেখ করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ বক্তব্যের সময় তার পাশে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বক্তব্যটিকে অনভিপ্রেত ও বিতর্কিত বলে মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক বলেন, বক্তব্য দেওয়ার সময় ‘ভুলক্রমে’ ওই শব্দটি বের হয়ে গেছে। তিনি এ জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
অন্যদিকে, ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, এটি মূলত একটি ‘স্লিপ অব টাং’। বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
এই বাংলা/এমএস
টপিক

