নাটোর প্রতিনিধি :
নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ করেছে দলটি। এসব ঘটনায় প্রশাসনকে অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
আজ বুধবার রাত ৯টায় শহরের মাদরাসা মোড়ে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাটোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
অধ্যাপক ইউনুস আলী বলেন, সদর উপজেলার বড় হরিশপুর, তেবাড়িয়া, কাফুরিয়াসহ নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দাঁড়িপাল্লার নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ভোটকেন্দ্র না যেতে হুমকি দিচ্ছে স্থানীয় বিএনপি কর্মীরা। এসব ঘটনায় প্রশাসনকে অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।
অধ্যাপক ইউনুস আলী বলেন, রোববার কাফুরিয়া ইউনিয়নের দস্তানাবাদে সাজদার, আনাম, কামরুল, ওয়াহাব, মিজানসহ বিএনপি কর্মীরা দাঁড়িপাল্লার ভোটারদের হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে।
তারা জুবায়ের নামে স্থানীয় এক জামায়াত কর্মীকে মারধরও করে। একইভাবে বড়হরিশপুর ইউনিয়নে খোকন, হাসান, শাহীন কাজী, ছাতনী ইউনিয়নের আগদিঘা কেন্দ্রের জামাতের এজেন্ট আবুল কালামকে বিএনপি কর্মী বিপ্লব ও মান্নান হুমকি দেয়। সুগারমিল কেন্দ্রে এলাকার জামাত নেতা খলিলুর রহমানকে বিএনপি কর্মী আলম, বুলেট, মাসুদ, পিন্টু মারধর করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া ছাতনী ইউনিয়নের উলুপুর গ্রামে রাজিব, লক্ষীপুর ইউনিয়নে দরাপপুর কেন্দ্রে কাবির হোসেন কাঙ্গাল, নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজিপুর কেন্দ্রে মিঠু তালুকদার, তেবারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর কেন্দ্রে আবুল ব্যাপারির লোকজন জামায়াত কর্মী ও ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
অধ্যাপক ইউনুস আলী বলেন, এসব ঘটনা প্রশাসনকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এ রকম পরিস্থিতি চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার নির্বাচন বাধাগ্রস্ত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে ভয় পাবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম বলেন, প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট। বাকী ৪টি আসনের চেয়ে নাটোর-২ আসনে এমন পরিস্থিতি বেশি পরিলক্ষিত হচ্ছে।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নাটোর-২ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, নিশ্চিত পরাজয় জেনে জামায়াত মিথ্যাচার শুরু করেছে। বিএনপির কর্মীরা দলের প্রার্থীর জন্য কাজ করতে ব্যস্ত। কাউকে হুমকি দেবার মত সময় এই মুহূর্তে আমাদের নেই।
এই বাংলা/এমএস
টপিক

