নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর থেকে শাহপুর পর্যন্ত সড়কের দুই পাশে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনা নজর কেড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক সংস্কার বা উন্নয়নের নামে অননুমোদিতভাবে গাছ কেটে কেউ বিক্রি করছেন, কেউ লাকড়ি হিসেবে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
সরজমিনে দেখা গেছে, সারি সারি তাল, ডাল, কড়ই, মেহগনীসহ বিভিন্ন জাতের গাছ কেটে রাখা হয়েছে। কেউ কেউ সাংবাদিক উপস্থিতি টের পেয়ে গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।
স্থানীয়রা জানান, গাছ কাটার এই ধরনের কার্যক্রমে পাখিদের বাসস্থান ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্রুত অবৈধ গাছ কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে অন্যান্যরাও গাছ কেটে ফেলার চেষ্টা করতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাতমোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিমা আক্তার জানান, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করলে ইউএনও বন কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলেছেন।
অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বী সাংবাদিকদের জানান, সরজমিনে না গিয়ে তিনি বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারছেন না।
স্থানীয়দের দাবি, প্রশাসন সক্রিয় না হলে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং পরিবেশের ক্ষতি চলতেই থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

