গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
শিক্ষক সমিতি জানান, গণতান্ত্রিক চেতনা, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভূমিধস বিজয় দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন আশার সঞ্চার করেছে। এ বিজয়ে সমিতি আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে।
গত ১৮ ফেব্রুয়ারি সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়। শিক্ষকরা বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষক সমিতি আশা প্রকাশ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা মহান মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। সমিতি নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

