ধলপুর সিটি কলোনিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও বিপুল মাদক

0
32
ধলপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম গ্রেপ্তার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধলপুর সিটি কলোনিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মাসুম ওরফে পিচ্চি মাসুমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সেনা সূত্র জানায়, পিচ্চি মাসুমের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

অভিযানের শুরুতে মাসুমের সহযোগী নাইম (৩৩) কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাসুমকে তার গোপন আস্তানা থেকে আটক করা হয়। পরে মাসুমের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির সহায়তায় ধলপুর এলাকার আটটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।

এই অভিযানে মাসুমের আরও দুই সহযোগী নাসির (৩২) ও রাজু (৩২) কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পিচ্চি মাসুম এবং তার সহযোগী রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সেনাবাহিনী জানায়, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— একটি ইউএসএ মেইড সিগ সাউয়ার এম-১৭ পিস্তল, একটি ইউএসএ মেইড ৭.৬৫ এমএম পিস্তল, একটি দেশীয় রিভলবার ও একটি ডামি পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি এবং তিনটি ওয়াকিটকি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে প্রায় এক কেজি হেরোইন, ২৬৩ পিস পুরিয়া হেরোইন এবং প্রায় ১০০ গ্রাম গাঁজা। এছাড়া ৫ লাখ ১৮ হাজার ৪৪৪ টাকা নগদ, ১৭টি মোবাইল ফোন, বিভিন্ন সিম ও মেমোরি কার্ড, তিনটি ঘড়ি এবং একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, এই চক্রের আরও কয়েকজন সদস্য বর্তমানে পলাতক রয়েছে। তারা হলেন আলামিন (৩৫), হারুন (৪৭), রাসেল ওরফে চশমা রাসেল (৩৯), সাগর (৩১) ও আম্বিয়া (৪৪)।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here