দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতরা এলাকায় বিএনপির একটি নির্বাচনী পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনার পর সোমবার সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ভিন্নমত থাকতেই পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবিরের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জনসমর্থনকে ভিন্নখাতে নেওয়া এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যেই ঘোড়া প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তারা আরও অভিযোগ করেন, এ ঘটনার মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব হুমকি ও দমন-পীড়নের মাধ্যমে বিএনপির আন্দোলন বা নির্বাচনী কার্যক্রম থামানো যাবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতারা জানান, ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবহিত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সহ-সভাপতি মো. লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমানী, যুবদল নেতা মাহফুজ রহমান তারাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

