ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা

0
39
নির্বাচন কমিশন (ইসি) / ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেল চলাচল আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

তবে জরুরি ও গুরুত্বপূর্ণ সেবার স্বার্থে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন। এছাড়া অ্যাম্বুলেন্সসহ জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহন নিষেধাজ্ঞামুক্ত থাকবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈধ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের স্বজনদের যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং সাংবাদিকদের দায়িত্ব পালনকালে ব্যবহৃত যানবাহন চলাচলের অনুমতি থাকবে। প্রতিবন্ধী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত সংখ্যক যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, বিটিআরসি এবং বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যানবাহনও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রয়োজনে জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা সংযোগ সড়কসমূহে নিষেধাজ্ঞা শিথিল রাখার কথাও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা প্রশাসন প্রয়োজনে নিষেধাজ্ঞা আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here