ডেস্ক নিউজ :
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সিইসি জানিয়েছেন, ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বয়স ১৮ পূর্ণ করা ব্যক্তিদের তথ্য অনুযায়ী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে। পরে লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়ে সম্মত হন। এরপর সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করে।
গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা প্রায় ৩৪ বছর পর আরেকটি গণভোট এবং দেশের ইতিহাসে প্রথমবার দুইটি ভোট একসাথে অনুষ্ঠিত হওয়া।
সিইসি আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়ে সিইসি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রেকর্ডসংখ্যক ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সিইসি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সকল ভোটার শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন।”
এই বাংলা/এমএস
টপিক

