
বিশেষ প্রতিনিধি :
রাজধানীর তুরাগ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের ৯৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি প্রাইভেটকার, নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার দত্তপাড়া, সমাজকল্যাণ সড়কের একটি ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ৮১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অপর অভিযানে রাজধানীর তুরাগ থানা এলাকার ১৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে অভিনব কায়দায় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব জানায়, রাজধানীর তুরাগ ও গাজীপুর জেলার টঙ্গীতে পরিচালিত এসব অভিযানে মোট ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এই বাংলা/এমএস
টপিক
