ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা-এর ডাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ-এর সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আয়োজকরা অভিযোগ করেছেন, দুই বিএনপি কর্মী এ ঘটনার সঙ্গে যুক্ত এবং প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ঘটনা ঘটে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে। আয়োজকদের বক্তব্যে বলা হয়েছে, এমপি মুফতি মুহাম্মদুল্লাহর সৌজন্যে তার কর্মী-সমর্থকরা ঈদগাহ মাঠে ইফতার আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে।
অভিযুক্তরা হলেন রইস উদ্দিন (৪৫), পিতা- আসির উদ্দিন সরকার এবং আজিজুল হক (৩০), পিতা- মৃত ফজর উদ্দিন। আয়োজকরা অভিযোগ করেছেন, তারা বিএনপির কর্মী এবং পূর্বের প্রতিহিংসার জেরে ইফতার পার্টি বানচাল করার উদ্দেশ্যে এ ঘটনার সঙ্গে যুক্ত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আয়োজকরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, একটি ধর্মীয় ও সৌজন্যমূলক আয়োজনকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিস্তারিত এখনো জানা নেই। তবে তদন্তের পর সঠিক তথ্য জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

