ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে মানবপাচার চক্রের অভিযুক্ত এক ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বরে “উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত মামলার আসামি এবং বর্তমানে জামিনে থাকা নুর ইসলাম (নুরুল ইসলাম) নামের এক ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত রাখা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের অপসারণসহ বিভিন্ন দাবি জানান তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ ও শিক্ষক মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।
অভিযোগের বিষয়ে ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, “আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সম্ভবত তিনি থানার মসজিদে নামাজ পড়তে এসে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।
এই বাংলা/এমএস
টপিক

