
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদীয় আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে সংসদে যেতে পারলে তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করবেন। ক্ষুদ্র শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাগরি বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাইপাস মোড়ে এসে তার নির্বাচনী মিছিল শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং অতীতে তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ উন্নয়ন ও জনকল্যাণের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল অবস্থা, প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে বসতভিটা ও জনপদ বিলীন হয়ে যাওয়া এবং দীর্ঘদিনের বেকারত্ব মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে সংসদে গিয়ে তিনি সোচ্চার ভূমিকা রাখবেন বলে জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমার কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের দেওয়ার জন্য।” এ সময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এই বাংলা/এমএস
টপিক
