অনলাইন ডেস্ক :
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক তিনটি ঘটনা এ বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শফিকুল আলমের উল্লেখ করা তিনটি ঘটনাই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকার ইঙ্গিত দেয় বলে তিনি মনে করেন।
বিএনপি প্রার্থীদের তালিকা প্রকাশের সময় দলীয় বিদ্রোহ, বিক্ষোভ বা সংঘর্ষের আশঙ্কা ছিল। তবে এক-দুটি সামান্য ঘটনা ছাড়া পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রেস সচিবের মতে, এটি বিএনপির সুসংগঠিত প্রস্তুতি ও মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে বিস্তৃত গ্রহণযোগ্যতার প্রমাণ—যা প্রচারণা এবং ভোটের সময় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের তৃণমূল সংগঠনের শক্তি বহু আগেই দুর্বল হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রমাণিত হয়েছে যে দলটি এখন মাঠে শক্ত প্রতিরোধ গড়ার মতো সক্ষমতা রাখে না। দলটি মূলত ছোটখাটো ঝটিকা মিছিল, আগুন ধরানো বা অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর মতো কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এমন অবস্থায় নির্বাচনে বড় ধরনের ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগের হাতে নেই।
তার বক্তব্যে আরও উঠে আসে যে সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা এখন আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী। নির্বাচন পরিচালনায় অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা শান্তিপূর্ণ ভোট আয়োজন করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস সচিবের মতে, এই তিনটি কারণই ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করার পক্ষে শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক