মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সাজিদ বিন বশির

সাজিদ বিন বশির :

ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ, হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হাসপাতালের অবকাঠামো, জনবল এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে তিনি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় স্বাস্থ্যসেবা উন্নয়ন, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর