বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। বাহিনীটির মহাপরিচালক বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার রাজধানীর লালমাটিয়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
র্যাব জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বাহিনীটি। বর্তমানে প্রায় ৭০০টি টহল দল মাঠে কাজ করছে। এ ছাড়া প্রতিটি ব্যাটালিয়ন ও ক্যাম্পে প্রয়োজনীয়সংখ্যক টহল দল স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। র্যাব সদর দপ্তরে ৩০টি টহল দল কেন্দ্রীয় রিজার্ভ হিসেবে রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা জোরদারে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজারে র্যাবের ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি র্যাব সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সাতটি জোনে বিভক্ত হয়ে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি নির্বাচনী আসনে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তথ্য সংগ্রহ করছেন। গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার জগতেও নজরদারি অব্যাহত রয়েছে। দেশব্যাপী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে বলেও জানানো হয়। কোনো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের মহাপরিচালক ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি, সহিংসতা বা আচরণবিধি লঙ্ঘনের তথ্য নিকটবর্তী র্যাব টহল দল বা কার্যালয়ে জানাতে পারেন নাগরিকেরা।
এই বাংলা/এমএস
টপিক

