চরভদ্রাসনে নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর নিরাপত্তা টহল ও মহড়া শুরু

0
44
চরভদ্রাসনে নির্বাচনী নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর টহল ও মহড়া / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা টহল ও মহড়া কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচন-সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বাড়তি নজরদারি করা হয় এবং সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে যানজট ও জনদুর্ভোগ এড়াতে উপজেলার প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

টহল কার্যক্রম শেষে গাজেট টেক ইউনিয়নের গাবতলার মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা জানান, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনের লক্ষ্যে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী এলাকায় ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে যৌথ বাহিনীর এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর সমন্বিত টহল শুরু করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “সন্ত্রাস, নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সাধারণ জনগণ কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here