চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে রুবেল শেখের স্ত্রী ও দুই সন্তানের জননী রুনা আক্তার (২৮)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়।
নিহত রুনা আক্তার জাকেরের ডাঙ্গী গ্রামের নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। তার দুই শিশু সন্তান রয়েছে—রাহিম শেখ (৮) ও রাইসা আক্তার (৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমানজনিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতের স্বামী রুবেল শেখ (৩০) জানান, ঘটনার রাতে তারা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। সেহরি শেষে তিনি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, তার স্ত্রী গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। দ্রুত তাকে নামিয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এই বাংলা/এমএস
টপিক

