নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর গাছা থানায় জমি কেনাকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা আদায় করতে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ হামলা চালিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাছা থানার কলমেশ্বর এলাকায় মুফতি আব্দুল কাদের মোল্লার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে চালানো এই তাণ্ডবে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলমেশ্বর এলাকার বাসিন্দা আলহাজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা প্রায় পাঁচ মাস আগে একটি জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মো. জয় মণ্ডল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জয় মণ্ডলের নেতৃত্বে ৯–১০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র—দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মুফতি আব্দুল কাদের মোল্লার ছেলে সাইফুল্লাহ বাধা দেন। এ সময় জয় তাকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করলে সাইফুল্লাহ ছাদে উঠে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হামলাকারীরা পরে বাড়ির গ্যারেজে রাখা টয়োটা নোহা স্কয়ার গাড়ি (ঢাকা মেট্রো-চ ৫২-২৮৬১) লোহার রড দিয়ে পিটিয়ে দুমড়েমুচড়ে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
মুফতি আব্দুল কাদের মোল্লা বলেন, “সন্ত্রাসীরা প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এলাকায় কিশোর গ্যাং ও মাদকের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ভয়াবহ ঝুঁকিতে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের আলোতে জনবসতিপূর্ণ এলাকায় এমন হামলার পরও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা বাহিনী কি কিশোর গ্যাংয়ের কাছে অসহায়?
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এই বাংলা/এমএস
টপিক

