গাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র হস্তান্তর / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর সভাপতিত্ব করেন। অনলাইনে যুক্ত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নাজমুল ইসলাম সরকার, যিনি বর্তমানে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাকৃবির কৃষি অনুষদের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবিরসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮ ডিসেম্বর ২০২৪ একটি সার্চ কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উদ্যোগে ৮ সদস্যের সাব-কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে একটি অনলাইন রেজিস্ট্রেশন ফরমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশে-বিদেশে কর্মরত গাকৃবির অ্যালামনাইদের তথ্য সংগ্রহ করে একটি সুসংগঠিত বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ও গর্বের প্রতীক। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।” তিনি আশা প্রকাশ করেন, গাজীপুর এগ্রিকালচারাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাই প্রতিনিধিরাও আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে গাকৃবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ধারাকে আরও সমৃদ্ধ করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here