
নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নীলফামারীকে একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে, যেখানে গড়ে উঠবে নতুন কলকারখানা ও কর্মসংস্থানের সুযোগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের প্রশিক্ষিত করে তুলতে আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন এবং কৃষকদের জন্য কৃষি কার্ডসহ নানা সহায়তামূলক কর্মসূচি চালু করা হবে। এতে কৃষি ও শিল্প—উভয় খাতেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে হয়েছিল, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও কোনো ধর্মীয় বিভাজন ছিল না। বিএনপি ক্ষমতায় এলে দেশ পরিচালনায় কোনো ধর্ম বা বর্ণের ভিত্তিতে বৈষম্য করা হবে না।”
আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, দেশ গঠনের রাজনীতিই হবে বিএনপির মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভোটাধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতার প্রকৃত মূল্যায়নের সময় এসেছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সমাবেশ শেষে তিনি নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন—
নীলফামারী-১ আসনে জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামসহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর মাঠে উপস্থিত হন, ফলে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
এই বাংলা/এমএস
টপিক
