নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চর-কুতুব খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি চালান থেকে ৮৯৭ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. গাবরু মিয়া (৪৮)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার জাফরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আহম্মদ আলী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাবরু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে বুপ্রেনরফিনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব জানায়, বুপ্রেনরফিন মূলত চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি নেশাদ্রব্য হিসেবে ব্যাপকভাবে অপব্যবহার করা হচ্ছে। ইনজেকশনটি শিরায় প্রয়োগ করলে দ্রুত তীব্র নেশার অনুভূতি তৈরি হয়। বিশেষ করে হেরোইন বা অন্যান্য মাদক থেকে প্রত্যাশিত নেশা না পেলে অনেক মাদকসেবী এটি ব্যবহার করে থাকেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ আরও জানায়, মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। এ কারণে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

