
কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে হঠাৎ করেই বড় রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। প্রচারণার শেষ মুহূর্তে এসে গণঅধিকার পরিষদের প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
বিন ইয়ামিন মোল্লার এই সিদ্ধান্তে কুড়িগ্রাম-১ আসনের ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে আনোয়ারুল ইসলাম তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা ও নাগেশ্বরী উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১ জন, পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
বিন ইয়ামিন মোল্লার সরে দাঁড়ানোর পর এই আসনে বর্তমানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির প্রার্থী মো. সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হারিসুল বারি রনি এবং জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল হাই মাস্টার।
এই বাংলা/এমএস
টপিক
