কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যরাতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজার এলাকায় স্থানীয় তিন ব্যবসায়ী—ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদামঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ কিছু স্থানীয় বস্তায় বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।
তাৎক্ষণিকভাবে সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০০ থেকে ৮০০ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল গুদামগুলোতে মজুদ ছিল। অভিযানের সময় অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটককৃত এসব চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি এসব চাল গোপনে পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে সেই চাল পরিষদের গুদাম থেকে সরিয়ে ব্যবসায়ীদের গুদামে রাখা হয়। অথচ প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।
এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ইউনিয়নে ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। উদ্ধারকৃত চাল কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মুনতাসির মামুন জানান, আটককৃত চাল সরকারি দপ্তরের। কয়েকটি গুদামে আনুমানিক ৭০০ থেকে ৮০০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদাম মালিকরা পালিয়ে যায়। বর্তমানে চালগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

