নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা হাতে নিয়ে হামলাকারীদের প্রতিহত করতে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নেই’—এমন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। কিন্তু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়। এরপর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করেন।
হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন। কেউ লিখিত অভিযোগ বা এজাহার দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না।
এই বাংলা/এমএস
টপিক

