ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেচঁরী রামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চেচঁরী রামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ জনসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর লস্কর শামীম হোসেন সভাপতিত্ব করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মো. মজিবুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল (হাইকোর্ট বিভাগ) অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম এবং ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. এনামুল হাসান।
বক্তারা বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা প্রয়োজন। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ড. ফয়জুল হককে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভা শেষে চেচঁরী রামপুর হাটের বিভিন্ন সড়কে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

