কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে নির্বাচন করছেন তিনি।
জনসভায় উপস্থিত ভোটাররা অভিযোগ করেন, নির্বাচনের সময় ছাড়া অনেক জনপ্রতিনিধির সঙ্গে জনগণের আর কোনো যোগাযোগ থাকে না। এ প্রসঙ্গে ড. আতিক মুজাহিদ বলেন, তিনি জনগণের পাশে থেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চান। এজন্য সাধারণ মানুষ যেন যেকোনো সময় সরাসরি যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই নিজের মোবাইল নম্বর প্রকাশ্যে রাখার উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্ড ও সুবিধার প্রলোভন দেখিয়ে রাজনীতি করে যাচ্ছে। এই ধরনের রাজনীতি বন্ধ করে কুড়িগ্রামকে কর্মসংস্থানে ভরপুর একটি জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যখাতের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির এই প্রার্থী বলেন, কুড়িগ্রামে চিকিৎসকদের স্থায়িত্ব নেই, অনেকেই বদলির জন্য ঢাকামুখী হন। এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জেলার হাসপাতালে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
জনসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পারলেই কুড়িগ্রামের প্রকৃত উন্নয়ন সম্ভব।
এই বাংলা/এমএস
টপিক

